প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ সময় তারা জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাতের পর জ্বালানিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, “আমরা একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। এমনকি, আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে।”
তিনি বলেন, “এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইমপোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইজ অ্যাডজাস্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা। কারণ, এটা বৈদেশিক মুদ্রায় কিনতে হয়। সেটা সমন্বয় করে যাতে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।”
এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, “ভর্তুকি এখনো আছে। আপনি যদি সঠিক হিসাব জানতে চান, মন্ত্রণালয়ে যেতে হবে।”
তিনি বলেন, “যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে প্রভাব পড়েছে। আমাদের ওপরেও সেই প্রভাব আছে।”
তথ্যসূত্র: বাসস
ঢাকা/রফিক