অসুস্থ পবন কল্যাণের অস্ত্রোপচার
পবন কল্যাণ
ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ও অন্ধ্র প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ অসুস্থ। শনিবার (১৮ এপ্রিল) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার অস্ত্রোপচার করা হয়। তাকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। প্রিয় সহকর্মীর সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তারকা অভিনয়শিল্পীরাও।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) সকালে প্রশাসনিক বৈঠকের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পবন কল্যাণ। গত কয়েক মাস ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে, সেদিনের সব সরকারি কর্মসূচি বাতিল করে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন এবং তা সম্পন্ন করেন। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে এক থেকে দশ দিন। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, পাশাপাশি দীর্ঘ মেয়াদি সতর্কতাও অনুসরণ করতে হবে।
পবন কল্যাণের শারীরিক অবস্থা জানিয়ে তার বড় ভাই, অভিনেতা চিরঞ্জীবী বলেন, “পবন কল্যাণের সফল অস্ত্রোপচার হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে পবন। চিন্তার কোনো কারণ নেই। ভক্তদের ভালোবাসা, উদ্বেগ ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চলুন, আমরা তাকে আমাদের চিন্তায় রাখি, তার শক্তি, স্বস্তি ও দ্রুত আরোগ্য কামনা করি।”
অসুস্থ পবন কল্যাণের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা জানিয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইট) একটি পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, “অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী পবন কল্যাণ গুরুর সঙ্গে কথা বলে তার কুশল জেনেছি। তিনি অসাধারণ সাহসী একজন মানুষ। আমি নিশ্চিত যে, খুব শিগগির সুস্থ হয়ে উঠবেন তিনি। তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”
তাছাড়া মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইট) অভিনেতা জুনিয়র এনটিআর লেখেন, “অন্ধ্র প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রী পবন কল্যাণ গুরুর দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি, খুব শিগগির সুস্বাস্থ্য ও নতুন শক্তি নিয়ে জনসেবায় ফিরবেন।” পবন কল্যাণের দ্রুত সুস্থতা কামনা করে আল্লু অর্জুন লেখেন, “আপনি খুব শিগগির পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসুন।”
ঢাকা/শান্ত