ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনীতে অকটেন তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:০৪, ১৮ এপ্রিল ২০২৬
ফেনীতে অকটেন তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

নিহত নুর আলম মাসুদ।

ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী উপজেলার ‘সততা অয়েল মিলসের’ মালিক। তিনি উপজেলার সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। বর্তমানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

আরো পড়ুন:

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ কারখানায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রক্রিয়ার একপর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতাল হয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘‘মাসুদ একজন বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় মানুষ ছিলেন। দুর্ঘটনার আগের রাতেও তিনি একটি ধর্মীয় মাহফিলের প্রস্তুতি সভায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম।’’ 

স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় বলেন, তিনি প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই মোর্শেদ আলম রাসেল জানান, নুরে আলমের লাশ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আনা হচ্ছে। তার সহকর্মী আহত ওমর ফারুক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, দাহ্য পদার্থ উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে যথাযথ লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা ও কারিগরি তদারকি না থাকলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঢাকা/সাহাব/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়