ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৩৯, ১৮ এপ্রিল ২০২৬
চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

আগের দিন সূচি চূড়ান্ত হওয়ার পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে মে মাসে আসছে পাকিস্তান। এজন্য শনিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা।

স্কোয়াডে নতুন মুখ চার জন। প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট দলে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, আমাদ বাট ও মুহাম্মাদ গাজি ঘোরি।

ফাজাল ও আজান প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। এছাড়া গাজি ঘোরি বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন। আমাদ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি।

ফাজাল ও আজান প্রতিশ্রুতিশীল দুই ওপেনার। যাদেরকে ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফাজাল ২৫ প্রথম শ্রেণির ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৮২৮ রান করেছেন। আজান ৩৩ ম্যাচে ১০ সেঞ্চুরি করেছেন। বিস্ময়কর তার ব্যাটিং গড়। ৪১.৫৪ গড়ে রান তরেছেন ২৬৭৩।

ঘোরি এই দলের সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া পেসার আমাদ বাট ৬৪ ম্যাচে ২০৫ উইকেট পেয়েছেন। ব্যাটিংও পারেন তিনি। নামের পাশে ১ সেঞ্চুরি ও ১০ ফিফটি রয়েছে।

দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। এছাড়া জায়গা হারিয়েছেন রোহাইল নাজির, আমির জামাল, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, আবরার আহমেদ ও ফায়সাল আকরাম।

বাংলাদেশে আসার আগে দলের করাচিতে একটি বিশেষ ক্যাম্প হবে, সেটি শুরু হবে ২৭ এপ্রিল। আগামী ১ মে পর্যন্ত ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল।

এই সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। এছাড়া ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই দলের দুই টেস্ট। ৮ মে ঢাকায় প্রথম টেস্ট। ১৬ মে সিলেটে দ্বিতীয় ম্যাচ। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ম্যাচ দুটির তারিখ অপরিবর্তিত আছে।

বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৪ সালে। রাওয়ালপিন্ডির সিরিজের দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। অথচ আগের ১৩ ম্যাচে বাংলাদেশ জয় তো পায়নি, ড্র করতে পেরেছিল মাত্র একটি।

বাংলাদেশ সফরের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, মুহাম্মাদ গাজি ঘোরি, নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়