বাগদান সারলেন আলিয়ার বড় বোন
বোন আলিয়া ও হবু বরের সঙ্গে শাহীন ভাট
প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়া ভাটের বড় বোন শাহীন ভাট। তার হবু বরের নাম ইশান মেহরা। শুক্রবার (১৭ এপ্রিল) ইনস্টাগ্রাম পোস্টে আনন্দের খবরটি জানান শাহীন ভাট।
ইশানের সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহীন ভাট। প্রথম ছবিতে শাহীন ভাটকে বাগদানের আংটি প্রদর্শন করতে দেখা যায়। দ্বিতীয় ছবিতে, দুজনকে হাতে হাত রেখে হাঁটতে দেখা যায়। আরেকটি ছবিতে দেখা যায়, ইশানের কাঁধে মাথা রেখে বসে আছেন শাহীন। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেন, “আমরা হয়তো পরস্পরকে একটু বেশিই পছন্দ করে ফেলেছি।”
পোস্টটি করার পরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বলিউডের অনেক তারকা নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—অভিনেত্রী শানায়া কাপুর, নব্য নাবেলি নন্দা, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর প্রমুখ।
গত বছর আলিয়া ভাট তার হবু ভগ্নিপতি ইশান মেহরার সঙ্গে একটি মজার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ছবিতে আলিয়া ও ইশানকে সুইমিং পুলে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। লাল সুইমস্যুটে আলিয়াকে খুবই খুশি দেখাচ্ছিল। এর কিছুদিন আগে, শাহীন প্রথমবারের মতো তার প্রেমিক ইশানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এমনকী, ইশানের জন্মদিনে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও শেয়ার করেছিলেন।
শাহীন ভাটের হবু বর ইশান মেহরা প্রাক্তন আন্তর্জাতিক সাঁতারু। ইয়ুথ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। পরবর্তীতে ফিটনেস ইন্ডাস্ট্রিতে যোগ দেন ইশান। বর্তমানে পূর্ণকালীন ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ করছেন। তিনি একজন এটিজি সার্টিফায়েড কোচ।
বোন আলিয়ার মতো অভিনয়ে নাম লেখাননি শাহীন ভাট। তবে প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। তার প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘জিগরা’, ‘সন অব সরদার’, ‘ডোন্ট বি শাই’ প্রভৃতি।
*এনডিটিভি অবলম্বনে
ঢাকা/শান্ত