ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেকৃবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২০ জুন ২০২৬  
শেকৃবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) রিসার্চ সিস্টেমের (সাউরেস) উদ্যোগে দুই দিনব্যাপী ‘বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০২৫’ শুরু হয়েছে।

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কৃষি গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ কৃষি উন্নয়নে বিজ্ঞানভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বার্কের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম বলেন, “দেশের জিডিপি ও কর্মসংস্থানে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আবাদি জমি কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। তিনি আগামী দিনে ‘নিউট্রিয়েন্ট সেনসিটিভ এগ্রিকালচার’ বা পুষ্টি-সংবেদনশীল কৃষির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ক্যানসার ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে নিরাপদ খাদ্য উৎপাদনে গবেষকদের আরো মনোযোগী হওয়ার তাগিদ দেন।”

উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “কৃষি হলো সব গবেষণার প্রাণ। প্রযুক্তির উন্নয়নের কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে অতীতে ফলপ্রসূ মনে হওয়া কিছু প্রযুক্তি, যেমন অতিরিক্ত হরমোন বা কীটনাশকের ব্যবহার, বর্তমানে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হচ্ছে।” ফলে বিজ্ঞানীদের আরো দূরদর্শী, পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার বলেন, “শিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান ভিত্তি। গবেষণার মানোন্নয়ন একটি প্রতিষ্ঠানের অবস্থানকে আরো শক্তিশালী করে।” তিনি দেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো সুদৃঢ় করতে গবেষকদের গবেষণায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউরেসের পরিচালক অধ্যাপক এ. এফ. এম. আমিনুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ড. মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার।

ঢাকা/মামুন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়