রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার করা হয়।
রংপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং ইলেকট্রনিক ডিভাইস সরবরাহের অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। শুক্রবার (১৯ জুন) রাতে রংপুর শহরের ধাপ আরজি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রংপুর নগরীর কামাল কাছনা চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম, সাতগাড়া এলাকার মোবারক আলীর ছেলে বাধন মিয়া, ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাহেব আলী, বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলীপাড়া মহল্লার রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও হাফিজ আল মামুন।
এ সময় তাদের কাছ থেকে সই করা ১৫টি খালি নন-জুডিসিয়াল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৮টি ব্ল্যাংক চেক, ৪টি মূল সার্টিফিকেট, ৫টি মোবাইল ফোন এবং ৩টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
সনাতন চক্রবর্তী বলেন, এই চক্রটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মূল পরীক্ষার্থীর বদলে প্রক্সি পরীক্ষার্থী পাঠাতো এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার হলে উত্তর সরবরাহ করত। বিনিময়ে তারা পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, চেক ও স্ট্যাম্প হাতিয়ে নিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, যিনি আগেও একই অভিযোগে আটক হন এবং ৫২ দিন জেল খেটেছেন। বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছেন। অন্য একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থী। বাকিরা তাদের সহযোগী।
তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না, তা পুলিশ খতিয়ে দেখছে।
ঢাকা/আমিরুল/বকুল
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু