ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২০ জুন ২০২৬   আপডেট: ১৭:৪৯, ২০ জুন ২০২৬
প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উল্লাস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর কাছ থেকে দেখতে শত শত ক্ষুদে শিক্ষার্থীর ছুটে আসা, করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ঢাকার আর্মি স্টেডিয়াম।

আরো পড়ুন:

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্বে শিশুদের এই বাঁধভাঙা ভালোবাসা ও আবেগঘন মুহূর্ত উপস্থিত সবার নজর কাড়ে।

শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দেশের প্রাথমিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্বে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

মাঠে পৌঁছে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে ফাইনালে অংশ নেওয়া বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী যখন গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে যান, তখনই সৃষ্টি হয় এক ব্যতিক্রমী দৃশ্য।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত শিক্ষার্থী তাকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষায় গ্যালারি ছেড়ে মাঠের দিকে ছুটে আসে।

মুহূর্তের মধ্যেই শিশুরা প্রধানমন্ত্রীকে ঘিরে উল্লাস করে। তাদের উচ্ছ্বাসে স্টেডিয়ামের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

নিরাপত্তাকর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও প্রধানমন্ত্রী ছিলেন স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল। তিনি শিশুদের বাড়িয়ে দেওয়া হাতের সঙ্গে হাত মেলান, তাদের অভিবাদনের জবাব দেন এবং স্নেহভরে অনেকের মাথায় হাত বুলিয়ে দেন।

শিশুদের অকৃত্রিম ভালোবাসার প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নিয়েই মাঠের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন।

এ সময় উপস্থিত দর্শক, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

একপর্যায়ে তিনি মাঠের পশ্চিম পাশের রাইজারে উঠে গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পরে বেলুন উড়িয়ে বালিকাদের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। রেফারির বাঁশিতে খেলা শুরু হলে প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

ঢাকা/নজরুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়