ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু আগস্টে: রেলপথমন্ত্রী

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২০ জুন ২০২৬   আপডেট: ১৬:৪৪, ২০ জুন ২০২৬
পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু আগস্টে: রেলপথমন্ত্রী

পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ রবিউল আলম।

আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘‘ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে (জুলাই) কিছু নতুন কোচ আসবে। আসলেই অগ্রাধিকার ভিত্তিতে আগস্ট মাসে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’’

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না। প্রাধান্য পাবে কেবল জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুত দেশে আন্তর্জাতিক মানের 'মাল্টি-মোডাল' যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। 

শেখ রবিউল আলম বলেন, চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এরমধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল। পরে চলাচল শুরু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতোমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। দ্রুতই কোচ আসছে।

কাজিরহাট ফেরীঘাট স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, এটি বাস্তবায়ন করার জন্য প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কার্যক্রম থাকে, সেটা ইতোমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এটি যেহেতু পাবনাবাসীর দাবি, এছাড়া এখানে বৃহত্তর বা জনস্বার্থ রয়েছে। ফলে বর্তমান সরকার দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়