রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শতাব্দী চাকমা
রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া শতাব্দী চাকমা উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন শতাব্দী চাকমা। পথে সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষায় থাকাকালে রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করেন। কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গেলে সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শতাব্দী চাকমা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, “বিদ্যুতায়িত একজনকে সকালে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, “একজন স্কুল শিক্ষক ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”
ঢাকা/শংকর/এবি