দেয়াল ভেঙে পড়ল রান্নাঘরের ওপর, গৃহবধূর মৃত্যু
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেয়াল ধসে আহত নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের শ্রীপুরে পাশের বাড়ির একটি পুরাতন মাটির দেয়াল ভেঙে রান্নাঘরের ওপর পড়ে কোহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন।
শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে পৌর এলাকার বেড়াদেচালা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন কোহিনুর বেগম। সকাল ৯টার দিকে তিনি রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলেন। এ সময় পাশের বাড়ির বাসিন্দা জয়নালের একটি জরাজীর্ণ মাটির দেয়াল ভাঙার কাজ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙার কাজ চলাকালে দেয়ালটি পাশের জসীমউদ্দীনের রান্নাঘরের ওপর ধসে পড়ে। মুহূর্তেই রান্নাঘরটি মাটির স্তূপের নিচে চাপা পড়ে। এ সময় কোহিনুর বেগমও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্ত্রীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জসীমউদ্দীন। তিনি অভিযোগ করে বলেন, “ওরা জানত আমার স্ত্রী রান্নাঘরের ভেতরে কাজ করছিল। তারপরও জয়নাল ও তার শ্রমিকরা অসাবধানতার সঙ্গে দেয়ালটি ভেঙেছে। আমার বিশ্বাস, এটি সাধারণ দুর্ঘটনা নয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা, অবহেলার ফল নাকি অন্য কোনো কারণ রয়েছে- তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/মাসুদ