ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘কৃষকের ছেলে হয়ে এমপি হবো স্বপ্নেও ভাবিনি’

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২০ জুন ২০২৬  
‘কৃষকের ছেলে হয়ে এমপি হবো স্বপ্নেও ভাবিনি’

“আমার বাবা কৃষক ছিলেন। এই সমাজে ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার, কৃষকের ছেলে কৃষক হবে এটাই স্বাভাবিক। কিন্তু কৃষকের ছেলে এমপি হবে এটা স্বপ্নেও ভাবিনি।” 

আজ শনিবার ময়মনসিংহ কৃষি বিভাগ আয়োজিত ‘পার্টনার কংগ্রেস ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে আবেগজড়িত কণ্ঠে এ কথা বলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

পারিবারিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “আমার বাবা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। কিন্তু তিনি তার সন্তানদের অনেক দূর পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এই জীবনে আমার আর পাওয়ার কিছু নেই।”

স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “আমি কোনো কাজে পার্সেন্টেজ নেই না, কাউকে নিতেও দেব না। আমি কাজের কোয়ালিটি নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন সবার কল্যাণে কাজ করার জন্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী বলেন, “আমাদের লক্ষ্য সাধারণ কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া। নিরাপদ কৃষিপণ্য উৎপাদন এবং সবজি চাষে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা কেবল স্থানীয় চাহিদাই পূরণ করছি না, বরং কৃষকদের বিষমুক্ত ফসল উৎপাদনে দক্ষ করে তুলছি।”

কংগ্রেসের অংশ হিসেবে ‘পার্টনার অ্যাক্টিভিটি ও ভিশন ডিসপ্লে’ এবং ‘প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক’ প্রদর্শনীতে নিরাপদ খাদ্য ব্যবস্থা, গ্যাপ (উত্তম কৃষি চর্চা), এবং রপ্তানিমুখী কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, স্মার্ট কৃষির অংশ হিসেবে ড্রোন প্রযুক্তির ব্যবহার, এআই মডেলের মাধ্যমে ফলন পূর্বাভাস এর বিষয়ে আলোচনা হয়। এর ফলে রোবোটিক হার্ভেস্টিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী উপস্থিত কৃষক ও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মো. এনামুল হক। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে শতাধিক কৃষক ও স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন। পরে তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য। 

ঢাকা/মিলন//

সর্বশেষ

পাঠকপ্রিয়