গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেট এলাকায় একটি কারখানায় আগুন লাগে।
গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ইকো গ্রীন কর্পোরেশন’ নামে পোড়া মবিল ও টায়ার গলিয়ে কেমিক্যাল উৎপাদনকারী একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে কারখানায় আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সমন্বিত অভিযানের ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য জানা যায়নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আগুন কারখানা এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বেরিয়ে যান।
এলাকাবাসী জানান, এই কারখানায় এর আগেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ২০১৬ সালের ২৪ জানুয়ারি বয়লার বিস্ফোরণে নারীসহ ছয়জন শ্রমিক নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার মধ্যে ঝুঁকিপূর্ণ এই কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। অতীতে প্রাণহানি হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বারবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
ঢাকা/রফিক/বকুল
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু