ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রযুক্তি ব্যবহারে দুর্নীতি কমবে, আসবে স্বচ্ছতা: ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২০ জুন ২০২৬   আপডেট: ১৭:১৪, ২০ জুন ২০২৬
প্রযুক্তি ব্যবহারে দুর্নীতি কমবে, আসবে স্বচ্ছতা: ভূমি প্রতিমন্ত্রী

সরকারি সেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (২০ জুন) নগরের খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘Where Talent Meets Global Opportunity’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, প্রযুক্তি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি সেবাকে নাগরিকবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ে ব্যাপক ডিজিটাল রূপান্তর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত অধিকাংশ সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে, ফলে সাধারণ মানুষকে আর দালাল বা মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হচ্ছে না।

তিনি জানান, ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদন, অভিযোগ দাখিলসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত মানুষের জন্য সারাদেশে ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে একটি নতুন অ্যাপ পরীক্ষামূলকভাবে চালুর কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে অফিস চলাকালে কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে তাৎক্ষণিক সংকেত পাওয়া যাবে। এতে মাঠপর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের তরুণরা মেধা ও পরিশ্রমে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করছে। অনেকেই স্বশিক্ষায় ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবাখাতে সফলতা অর্জন করেছে। যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের আইটি ও আউটসোর্সিং খাত বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি বলেন, নীতিনির্ধারণে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা জরুরি। তরুণদের চাহিদা, প্রযুক্তির পরিবর্তন এবং বৈশ্বিক বাজারের বাস্তবতা বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আয়োজকরা জানান, দেশের বিপিও ও আইটিইএস খাতের বিকাশ, দক্ষ জনশক্তি তৈরি এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রামে অনুষ্ঠিত এবারের সামিট দেশের তরুণদের আন্তর্জাতিক প্রযুক্তি ও আউটসোর্সিং খাতের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা/রেজাউল//

সর্বশেষ

পাঠকপ্রিয়