ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফি কমানোসহ চার দাবিতে ইবির দুই শিক্ষার্থীর অনশন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২০ জুন ২০২৬  
ফি কমানোসহ চার দাবিতে ইবির দুই শিক্ষার্থীর অনশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পোষ্য কোটা বাতিল, শিক্ষার্থীদের বিভিন্ন ফি কমানো, সার্টিফিকেট উত্তোলনে হয়রানি বন্ধ এবং পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে অসৌজন্যমূলক আচরণ বন্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ। পরে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ জীবন তার সঙ্গে সংহতি জানিয়ে অনশনে অংশ নেন।

অনশনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ে প্রচলিত পোষ্য কোটা অবিলম্বে বাতিল, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণ বন্ধ, সার্টিফিকেট উত্তোলনে হয়রানি স্থায়ীভাবে বন্ধ এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানো।

অনশনরত বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, “জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল কোটা বাতিলের দাবিতে। পরে সেই আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। এতে প্রায় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ হন এবং ২২ হাজারের বেশি আহত হন। এরপর আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি। কিন্তু পরবর্তী সময়ে নকীব নসরুল্লাহ প্রশাসন চেষ্টা করলেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সিন্ডিকেট ভাঙতে পারেনি। বর্তমান প্রশাসনের কাছে আমাদের দাবি, পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে এবং অযৌক্তিক ফিগুলো কমাতে হবে।”

তিনি আরো বলেন, “পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে শিক্ষার্থীরা নিয়মিত হয়রানির শিকার হন। কোনো কাজে গেলে অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ করেন। এসব আচরণ বন্ধ করতে হবে। একইভাবে সার্টিফিকেট উত্তোলনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হয়। এই হয়রানিগুলো বন্ধ না হওয়া পর্যন্ত এবং চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়