লালনিরহাটে ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লালমনিরহাটে ডাকাতিসহ ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা মোমছেদুল খান বুলবুল (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
শুক্রবার (১৯ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মনিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোমছেদুল খান বুলবুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিস্কৃত সদস্য সচিব।
শনিবার (২০ জুন) দুপুরে রংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞাপ্তিতে র্যাব জানায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট থেকে মোটর সসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন স্থানীয় রবিউল ইসলাম (৩০) মিস্টার আলী। চাপারহাট-ভূল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছার পর বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথ আটকিয়ে অপহরণ করে। পরে তাদেরকে বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এর একপর্যায়ে আসামিরা রবিউলের সঙ্গে থাকা নগদ ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়।
এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে মোট ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মনিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বুলবুলকে গ্রেপ্তার করে র্যাব ১৩ এর একটি দল। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিনুর রহমান মতিন বলেন, “জাতীয় নির্বাচনের সময় তিনি অন্য দলের পক্ষে কাজ করেছেন। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে সে সময়ই ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, “মোমছেদুল খান বুলবুলকে র্যাব-১৩ গ্রেফতার করে আমাদের নিকট হস্তান্তর করে। পরে তাকে আদালতের পাঠানো হয়েছে।
জানতে চাইলে ওসি বলেন, “বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ ১১টি মামলা রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।”
ঢাকা/নিয়াজ/এবি
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু