ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৮ এপ্রিল ২০২৬  
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। একইসঙ্গে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নগরীর গণকপাড়া থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

আরো পড়ুন:

এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান যে কটূক্তি করেছেন, তাতে আমাদের রক্তে আগুন লেগেছে। এ জন্য অবিলম্বে রাশেদ প্রধানের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।’’ 

রাশেদ প্রধানের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে দেশকে স্বনির্ভর দেশে উন্নীত করতে চাচ্ছেন। কিন্তু কিছু পথহারা মানুষ তাকে নিয়ে কটূক্তি করে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন।’’ অবিলম্বে রাশেদ প্রধানকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের আহ্বান জানান ছাত্রদলের নেতারা।

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের রবিনের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। 

এছাড়াও বক্তব্য দেন মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, নিউ গভমেন্ট ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, জুবায়ের রশিদ,  নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিফ, আইএইচটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ খমেনি, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহি প্রমুখ। 

ঢাকা/মাহী/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়