পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সবুজের ফেরিওয়ালাখ্যাত অধ্যক্ষ আরিফুর রহমান। এছাড়া বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আরো পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বোদা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন আয়োজকেরা।
আরিফুর রহমান নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি তিন বছর আগে নিজ উদ্যোগে নিজের চাকরি থেকে উপার্জিত অর্থ দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছেন।
আরিফুর রহমান রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলাকে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় বেছে নিয়েছেন। ইতিমধ্যে তিনি ১২টি জেলায় এই কর্মসূচি শেষ করেছেন। বাকি চার জেলায় তার কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন বলেও জানিয়েছেন। তিনি ১০ হাজারেরও বেশি চারা বিতরণ করেছেন।
আয়োজকেরা জানান, বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বৈরী আচরণ ঠেকাতে গাছ লাগানোর বিকল্প নেই। সবুজায়নের মাঝে ধরিত্রীকে সাজাতে চান তারা।
পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলী বলেন, অধ্যক্ষ আরিফুর রহমান বিভিন্ন স্কুলের ফাঁকা জায়গা, খাস জমি, নদীর ধারে সবুজায়ন করছেন।
আরিফুর রহমান বলেন, ‘‘গাছ লাগানোর আগ্রহ আমার ছোটবেলা থেকে। বৈশ্বিক উষ্ণতার ফলে পরিবেশ উত্তপ্ত হচ্ছে। আমরা যত গাছ কেটে ফেলছি, তত রোপণ করছি না। স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় এই গাছগুলো লাগানো হচ্ছে।’’ তিনি আশা করেন, বাকি চার জেলায় দ্রুত চারা বিতরণ করা হবে।
ঢাকা/নাঈম/বকুল
জিলকদ মাস শুরু সোমবার