সিরাজগঞ্জে বায়োপ্লান্টে বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বায়োপ্লান্টে বিস্ফোরণে দুই শ্রমিকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষ দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর সময় একজন সিগারেট ধরালে সেখানে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন গুরুতর দগ্ধ হয়। তারা হলেন, দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)।
বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন।
রূপ কুমার ঘোষ জানান, বায়োপ্লান্ট ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নিচে নেমে একজন সিগারেট জ্বালানোয় আগুন ধরে যায়।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা/রাসেল/বকুল
আবার হামলা হলে বিশ্বযুদ্ধ হবে: ইরান