‘দ্য স্পোর্ট অব কিংস’: রেসিং কবুতর মালিকদের পুরস্কার প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার তালায় রেসিং কবুতর মালিকদের পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর আম বাগানে এই আয়োজন করা হয়।
সাউথ বেঙ্গল রেসিং পিজন অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেসিং কবুতরের মালিকরা অংশগ্রহণ করেন।
তারা হলেন- সাতক্ষীরার মনিরুল ইসলাম, কুষ্টিয়ার রাকিব পরামানিক, মাগুরার মাজেদুল ইসলাম ও মেহেদি হাসান শাওন, রাজবাড়ীর সোহানুর ইসলাম, গোপালগঞ্জের ইসমাইল গাজী, বরিশালের হাজী হোসেল, বরগুনার শাহীদুল ইসলাম স্বপন, পটুয়াখালীর আজাদুল ইসলাম, ঝালকাটির জিয়াউল হাসান ও কুমিল্লার আরিফ আহমেদ।
রেসিং কবুতরের মালিকরা জানান, একটি রেসার কবুতর গড়ে ১০-১৫ বছর বাঁচে এবং ৫-৭ বছর পর্যন্ত রেসে অংশ নিতে পারে। কিন্তু, দেশে কেন্দ্রীয়ভাবে কোনো রেসের আয়োজন করা হয় না; বিচ্ছিন্নভাবে আয়োজন করা হলেও তাতে অনেকেই অংশ নিতে পারেন না। এ সময় তারা কেন্দ্রীয়ভাবে ‘রেস’ আয়োজনের দাবি জানান।
আয়োজকরা জানান, কবুতরের রেসকে ‘দ্য স্পোর্ট অব কিংস’ বলা হয়। কারণ এক সময় ইউরোপের রাজারাও এতে অংশ নিতেন। বাংলাদেশেও কবুতর রেস বেশ জনপ্রিয়তা পেয়েছে।
রেসের জন্য কবুতরকে আগে থেকে প্রস্তুত করতে হয় উল্লেখ করে তারা বলেন, একেকটি কবুতরের পেছনে থাকে পালনকারীর তীব্র সাধনা ও ধৈর্য।
সাউথ বেঙ্গল রেসিং পিজন অ্যাসোসিয়েশন ও নোয়াপাড়া পিজিওন লফ্টের পরিচালক আরিফুল ইসলাম বলেন, গালিব ইন্টারন্যাশনাল কবুতর এক্সপোর্টার-ইপোর্টার আমাদের সাউথ বেঙ্গল রেসিং পিজন অ্যাসোসিয়েশনের শুভাকাঙ্ক্ষী ও ডোনার। প্রতিষ্ঠানটির নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় বাংলাদেশ থেকে ইতোমধ্যে ৯ বার বিভিন্ন দেশে কবুতর রপ্তানি করা হয়েছে।
ঢাকা/শাহীন/রাজীব
ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলার ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র