ধানুশ-সারার বয়স নিয়ে চর্চা কেন?
রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর টু’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে। এ রেশ কাটার আগেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন সারা অর্জুন। গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশের বিপরীতে অভিনয় করবেন তিনি। সবকিছু ছাপিয়ে দুই তারকার বয়স নিয়ে এখন চর্চা চলছে।
ধানুশের পরবর্তী সিনেমার নায়িকা নিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন উড়ছে। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ডি৫৬’। এটি পরিচালনা করবেন তামিলারাসন পাচামাথু। এর আগে এই পরিচালক নির্মাণ করেন স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমা ‘লুব্বার পান্ডু’। যাহোক, প্রথমে এই সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয়ের জন্য রুক্মিনী বসন্তকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা। কিন্তু শিডিউল জটিলতা ও অন্যান্য কাজের ব্যস্ততার কারণে প্রস্তাবটি গ্রহণ করেননি এই অভিনেত্রী।
নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, এখন অভিনেত্রী সারা অর্জুনকে চরিত্রটির জন্য বিবেচনা করা হচ্ছে। যদি এটি চূড়ান্ত হয়, তবে ধানুশ ও সারার নতুন অনস্ক্রিন জুটি দেখতে পাবেন দর্শকরা। তবে তাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ ধানুশের বয়স এখন ৪২ বছর, অন্যদিকে সারা অর্জুনের বয়স ২০ বছর। অর্থাৎ ধানুশের চেয়ে ২২ বছরের ছোট সারা।
২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তার আরেক পরিচয় তিনি ভারতীয় জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুনের কন্যা। ফলে একটি সংস্কৃতিমনা পরিবারে তার বেড়ে ওঠা। মুম্বাইয়ে স্কুলের পড়াশোনা শেষ করেন সারা অর্জুন। মাত্র ১৮ মাস বয়সে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করেন সারা অর্জুন। বিজ্ঞাপনটিতে তার বাবা–মায়ের সঙ্গে একটি মলে দেখা যায় তাকে। এরপর ম্যাকডোনাল্ড’সসহ বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক বিজ্ঞাপনে কাজ করেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সেই ভারতের অন্যতম পরিচিত শিশুশিল্পী হয়ে ওঠেন সারা।
দুই বছর বয়সে পরিচালক বিজয়ের একটি বিজ্ঞাপনে অভিনয় করেন সারা অর্জুন। কিন্তু এরপর সারার পরিবারের সঙ্গে বিজয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুম্বাই সফরের সময় আবার তাদের সঙ্গে দেখা হয় এই নির্মাতার। এ সাক্ষাতে বিজয় তার ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। তামিল ভাষার এ সিনেমায় সারা যাতে তামিল সংলাপগুলো বলতে পারেন, এজন্য তার বাবা–মা তাদের তামিল বন্ধু মহেশ্বরীর সাহায্য নেন। এ সিনেমায় যখন সারা অভিনয় করেন, তখন তার বয়স মাত্র ৬ বছর। মুক্তির পর সিনেমাটি যেমন প্রশংসা কুড়ায়, তেমনি সারাও শিশুশিল্পী হিসেবে খ্যাতি পান।
এরপর সারা অভিনয় করে হিন্দি ভাষার অতিপ্রাকৃত ঘরানার ‘এক থি ডায়ান’ সিনেমায়। এটি পরিচালনা করেন কানান ইয়ার। একতা কাপুর প্রযোজিত এ সিনেমায় ‘মিশা’ চরিত্রে অর্থাৎ নায়িকার ছোট বোনের ভূমিকায় অভিনয় করেন তিনি। মুক্তির পর সমালোচকদের ইতিবাচক সমালোচনা পেলেও বাণিজ্যিকভাবে সফল হয়নি সিনেমাটি।
তারপর আর. সুন্দররাজন পরিচালিত ‘চিতরাইল নীলাকোরু’ সিনেমায় অভিনয় করেন সারা। তামিল ভাষার এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে খুবই অল্প প্রচারের পর সিনেমাটি মুক্তি পায়। পরের বছর ‘জয় হো’ সিনেমায় স্কুল গার্লের চরিত্রে অভিনয় করেন। তারপর বিজয় পরিচালিত ‘সিভাম’ সিনেমায় অভিনয় করেন সারা। তারকাখচিত এ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সারা। ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘পোনিয়িন সেলভান’ সিনেমার দুই পার্টে অভিনয় করেন সারা অর্জুন।
তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি—চার ভাষার সিনেমায়ই কাজ করেছেন সারা অর্জুন। তবে মাত্র কুড়ি বছর বয়সে খ্যাতি কুড়ানো সারা অনেকটা যুদ্ধ করে ‘ধুরন্ধর’ সিনেমায় কাজের সুযোগ পান। এ বিষয়ে সিনেমাটির পরিচালক আদিত্য ধর বলেন, “কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা প্রায় ১ হাজার ৩০০টি অডিশন নিয়েছিলেন। আর শেষে সারা অর্জুনকেই বেছে নেওয়া হয়। সে অসাধারণ, সবার মধ্যে সেরা।”
ঢাকা/শান্ত