নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন: রবিন
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন বলেছেন, “দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। আগামী পাঁচ বছরে পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের আরো দক্ষ ও প্রস্তুত করে তোলা সম্ভব।”
রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তানভির আহমেদ রবিন বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং বিএনপির বহু নেতাকর্মীর ত্যাগের মাধ্যমে আজ বিএনপি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিগত ১৭-১৮ বছর আমাদের দলের নেতাকর্মীরা দেশের মানুষের দাবি আদায়ে ব্যস্ত ছিলেন। আজ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন এবং আমাদের জন্য বিভিন্ন উদাহরণ তৈরি করে যাচ্ছেন।”
তিনি বলেন, “আমি একটি ছোট্ট নিবেদন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হাতে পাঁচ বছর সময় রয়েছে। এই পাঁচ বছরে আমাদের দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে প্রশিক্ষণের মধ্যে আনা প্রয়োজন। আজ ১০০ দিন পার হয়েছে আমাদের দায়িত্বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা কিছুটা অস্থির, কিছুটা দিগ্বিদিক। তারা জানে না, তাদের কী করতে হবে। আমি মনে করি, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে।”
তানভির আহমেদ রবিন আরো বলেন, “আমরা যদি এই পাঁচ বছরে জিয়াউর রহমান ইনস্টিটিউট নামে কোনো প্রতিষ্ঠান করতে পারি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দর্শন ও জাতীয়তাবাদ আমাদের জন্য রেখে গেছেন, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে; তাহলে আমাদের দলের তৃণমূলের নেতৃবৃন্দকে আগামী দিনের জন্য তৈরি করা সম্ভব হবে। আমি মনে করি, এতে দেশ এবং দল উভয়ই উপকৃত হবে।”
ছাত্রদলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিশেষ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে এই প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা উচিত। তাদের নেতৃত্বে আসার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে আমি মনে করি।”
বক্তব্যের শেষদিকে তানভির আহমেদ রবিন বলেন, “আমরা ঢাকা মহানগর বিএনপি সবদিক দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনি নির্দেশনা দেবেন, আমরা কাজ করব।”
ঢাকা/নজরুল/রফিক