ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানের হত্যাকারীদের মরণোত্তর বিচার দাবি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৩১ মে ২০২৬  
জিয়াউর রহমানের হত্যাকারীদের মরণোত্তর বিচার দাবি 

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। প্রকৃত ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে এ হত্যাকাণ্ডের বিচার পুনরায় শুরু করা প্রয়োজন।”

রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, “আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন রাখছি। এখন বিভিন্ন প্রজন্ম এসেছে। আলফা, জেন-জি— এরকম নামে তারা পরিচিত। আমরা বলতে চাই, আমরাও মুক্তিযুদ্ধের প্রজন্ম। কিন্তু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডের বিচার অসম্পূর্ণ, অসম্পূর্ণ বলেই আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা রয়েছে, আমরা আজকে আবেদন জানাবো— পুত্র হিসেবে পিতা হত্যার বিচার নয়, একজন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে শুরু করতে হবে। কারা হত্যা করেছিল, কারা এর মাস্টারমাইন্ড ছিল, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হবে। প্রয়োজনে মরণোত্তর বিচার করতে হবে। আমরা তো শুনেছি, কে যেন সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের কখনো আসামি করা হয়নি।”

এর আগে বক্তব্যে জিয়াউর রহমানের সাহসিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিয়াউর রহমান দায়িত্ব পালন করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে সৈনিকদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।”

ঢাকা/নজরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়