ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংরক্ষিত নারী আসনে ১৩ মনোনয়ন ফরম সংগ্রহ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৫৪, ১৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ১৩ মনোনয়ন ফরম সংগ্রহ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটগত হিসাব অনুযায়ী বরাদ্দ পাওয়া ১৩টি আসনের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পর থেকে বিএনপি ও জামায়াত জোট মিলিয়ে তিন শতাধিক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বুধবার (১৫ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে তাদের বরাদ্দকৃত ১৩টি আসনের জন্য মনোনয়নপত্র নেওয়া হয়।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, “তফসিল ঘোষণার পর থেকেই বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। অন্যদিকে জামায়াত জোট তাদের নির্ধারিত আসনের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছে।”

জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে বুধবার ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে জোটের জন্য ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং ২০ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিস্তারিত জানানো হবে।

এদিকে, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে ১টি আসন। বিএনপির ৩৬টি আসনের বিপরীতে ইতোমধ্যে ৩০৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া দলীয় মনোনয়ন পেতে প্রায় ১৩০০ নেত্রী বিএনপির কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন। তাদের সাক্ষাৎকার শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ও ২৩ এপ্রিল বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

জোটের পক্ষ থেকে প্রতিটি আসনে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে ৫০ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়