বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো
উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত থামতে হলো বার্সেলোনাকে। মঙ্গলবার দিবাগত রাতে দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জিতেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ হাসি হেসেছে আতলেতিকো মাদ্রিদ। যারা প্রায় এক দশক পর আবারও জায়গা করে নিল শেষ চারে।
প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়ের সুবাদে এগিয়ে থাকা আতলেতিকোকে শুরুতেই চাপে ফেলে দেয় বার্সেলোনা। ম্যাচের প্রথম ২৪ মিনিটেই জোড়া গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। যেখানে গোল করেন লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস। মুহূর্তেই বদলে যায় ম্যাচের গতি। মনে হচ্ছিল নাটকীয় এক প্রত্যাবর্তনই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেয় দ্রুত পাল্টা আক্রমণে করা একটি গোল। প্রথমার্ধেই আদেমোলা লুকম্যান মার্কোস লরেন্তের নিখুঁত পাস থেকে গোল করে আতলেতিকোকে আবারও এগিয়ে দেন সমষ্টিগত ফলাফলে।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। আলেকজান্ডার সোরলোথকে থামাতে গিয়ে লাল কার্ড দেখেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। ফলে শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এই পরিস্থিতিতে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি কাতালানদের।
২০১৭ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো আতলেতিকো। আর টানা দ্বিতীয় মৌসুমে শেষ চারে ওঠার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল বার্সেলোনার। গত মৌসুমেও তারা বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে।
এখন সেমিফাইনালে দিয়েগো সিমিওনের দল মুখোমুখি হবে আর্সেনাল অথবা স্পোর্টিং সিপির। প্রথম লেগে লিসবনে ১-০ ব্যবধানে জিতেছে আর্সেনাল। আর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
ঢাকা/আমিনুল