সমুদ্রপথে ইরানের আমদানি-রপ্তানি এখন সম্পূর্ণ অচল: সেন্টকম
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার
ইরানের চারপাশের সমুদ্রসীমায় পূর্ণাঙ্গ নৌ অবরোধ আরোপ করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৫ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে বর্তমানে কোনো জাহাজ প্রবেশ করতে পারছে না এবং সেখান থেকে কোনো জাহাজ বের হতেও দেওয়া হচ্ছে না। খবর আল-জাজিরার।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মার্কিন বাহিনী পূর্ণ শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। তিনি বলেন, “ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশই সামুদ্রিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। এই অবরোধ কার্যকর করার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী সমুদ্রপথে ইরানের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে।”
এর কিছুক্ষণ আগে সেন্টকমের ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া আরেকটি বিবৃতিতে জানানো হয়, “ইরানের বন্দরগুলোতে এই অবরোধ ‘ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে প্রস্থানকারী সব দেশের জাহাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে প্রয়োগ করা হচ্ছে।”
মার্কিন সামরিক বিবৃতি অনুযায়ী, এই নৌ-অবরোধ বাস্তবায়নে মার্কিন নৌবাহিনীর গাইডড-ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ারসহ শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, “একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০ জনেরও বেশি নাবিকের একটি দল থাকে, যারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযান পরিচালনায় খুবই প্রশিক্ষিত।”
এদিকে, প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া ও প্রবেশ করা আটটি জাহাজকে থামতে ও ফিরে যেতে বাধ্য করেছে।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে যে, প্রতিটি ক্ষেত্রেই মার্কিন বাহিনী রেডিওর মাধ্যমে নাবিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের গতিপথ পরিবর্তন করার নির্দেশ দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সব ট্যাঙ্কারই আদেশ মেনে চলেছিল এবং কোনোটিতে আরোহণের প্রয়োজন হয়নি।
ঢাকা/ফিরোজ