ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বর্ষবরণে রঙে রঙে সম্প্রীতির বার্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫২, ১৪ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বর্ষবরণে রঙে রঙে সম্প্রীতির বার্তা

চট্টগ্রামের সড়কে শিক্ষার্থীদের আঁকা আল্পনা।

বাংলা বর্ষবরণকে ঘিরে উৎসব মুখর বন্দর নগরী চট্টগ্রাম। উৎসবের আগের দিন সোমবার (১৩ এপ্রিল) নতুন বছরের আগমনী বার্তায় নগরের সড়কজুড়ে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্যের বর্ণিল ছাপ।

জেলা প্রশাসনের আয়োজনে আল্পনায় রাঙানো হয়েছে সার্কিট হাউস থেকে লাভলেইন হয়ে কাজীর দেউড়ি পেরিয়ে ডিসি হিল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক।

আরো পড়ুন:

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ উদ্যোগে চট্টগ্রামে বাংলা বর্ষবরণের উৎসবের সূচনা হয় গত রবিবার রাত থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীরা দলবদ্ধভাবে লতাপাতা, ফুল, পাখি ও লোকজ নকশায় ফুটিয়ে তোলেন বাঙালির চিরায়ত সংস্কৃতি।

জেলা প্রশাসক বলেন, ‍“নানা ধর্ম ও সংস্কৃতির মানুষের ভিন্ন রং একসূত্রে মিলেই গড়ে ওঠে উৎসবের সৌন্দর্য। সম্প্রীতির এই বন্ধনই সমাজকে শক্তিশালী করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের পথে অনুপ্রাণিত করে।”

তিনি জানান, বৈচিত্র্যের মাঝেও মিলনের যে বার্তা রয়েছে, তা বিশ্বদরবারে তুলে ধরতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন সংস্কৃতির এই গৌরব ধারণ করে, সেই প্রত্যাশাই এই আয়োজনের মূল অনুপ্রেরণা।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন- পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং শিক্ষার্থীরা। আল্পনা অঙ্কনে অংশ নেন জেলা প্রশাসকের কন্যাও, যিনি চিত্রকলায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

বর্ষবরণে নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। উৎসবকে ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়