ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশিদের জন্য এআই-রোবোটিক চিকিৎসা সহজ করছে মনিপাল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১৩ এপ্রিল ২০২৬  
বাংলাদেশিদের জন্য এআই-রোবোটিক চিকিৎসা সহজ করছে মনিপাল হাসপাতাল

বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে এআই-নির্ভর ও রোবোটিক চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণে কাজ করছে ভারতের মনিপাল হাসপাতাল।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় বাংলাদেশের রেফারেল পার্টনার এবং মেডিকেল ট্যুরিজম খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে অবস্থিত মনিপাল হাসপাতালের ৬০০ শয্যাবিশিষ্ট ফ্ল্যাগশিপ ইউনিটের সক্ষমতা তুলে ধরা হয়। ইউনিটটি বর্তমানে ৫৩টি স্পেশালিটি ও ৬০টির বেশি সাব-স্পেশালিটিতে চিকিৎসা সেবা দিচ্ছে, যেখানে অত্যাধুনিক ডায়াগনস্টিক ও প্রিসিশন-ভিত্তিক থেরাপি ব্যবহার করা হচ্ছে।

মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস বিভাগের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিকাশ তায়ের বলেছেন, “রোগীরা এখন শুধু চিকিৎসা নয়, বরং একটি সমন্বিত কেয়ার জার্নি প্রত্যাশা করছেন। এই চাহিদা পূরণে আমাদের সেবা কাঠামো সাজানো হয়েছে।”

তিনি জানান, আন্তর্জাতিক রোগীদের জন্য একটি ‘এন্ড-টু-এন্ড’ কেয়ার মডেল চালু রয়েছে, যেখানে চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা, ট্রাভেল ম্যানেজমেন্ট, খরচ অপ্টিমাইজেশন এবং চিকিৎসা-পরবর্তী ফলোআপ একসঙ্গে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্ল্যাগশিপ ইউনিটে ইতোমধ্যে ১ হাজারের বেশি রোবোটিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারি সম্পন্ন হয়েছে। উন্নত চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে দ্য ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম, করপাথ সিস্টেম এবং মাকো রোবোটিক-আর্ম অ্যাসিস্টেড সার্জারি প্রযুক্তি, যা চিকিৎসার নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি রোগীর দ্রুত সুস্থতায় সহায়তা করছে।

বর্তমানে মনিপাল হাসপাতাল ভারতের ২৬টির বেশি শহরে ৪৯টি ইউনিট পরিচালনা করছে এবং ১৬০টির বেশি দেশের রোগীদের চিকিৎসা দিচ্ছে। এটি দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ ক্রস-বর্ডার হেলথকেয়ার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস বিভাগের রিজিওনাল হেড (সার্ক) রাম গোপাল বর্ধন, শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হসপিটাল ডিরেক্টর সঞ্জয় সিং মহাপাত্র এবং বাংলাদেশে মনিপাল হাসপাতালের কার্যক্রমের নেতৃত্বদানকারী খালিদ হাসান।

ঢাকা/এমএসবি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়