বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার
ছবি: এআই দিয়ে তৈরি।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা এবারের বাজেট অধিবেশন হিসেবে গণ্য হবে, রবিবার (৭ জুন) থেকে শুরু হচ্ছে। বিকেল ৩টায় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটিই বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অর্থবছরের বাজেটের আকার ৮ লাখ ৮৩ হাজার কোটি থেকে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে রাখার বিষয়ে আলোচনা চলছে। কিছু প্রাথমিক হিসাবে বাজেটের পরিমাণ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে এটিই হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
জানা গেছে, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই থাকবে প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানো, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ, কৃষি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং রাজস্ব আদায় জোরদার করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
খসড়া হিসাবে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৩ লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে আলোচনা আছে।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। গত ৭ মে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে অধিবেশনের তারিখ জানানো হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন পরিচালনার সব প্রস্তুতি শেষ। শেরেবাংলা নগরের সংসদ ভবনের মূল কক্ষে অধিবেশন বসবে।
বাজেট অধিবেশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি সংসদ ভবন ও আশপাশের এলাকায় অস্ত্র বহন, মিছিল, সমাবেশ ও বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে।
ঢাকা/এএএম/এসবি
বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার