রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
শনিবার (৬ জুন) বেলা ৩টার দিকে দাউদপুরের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের।
এ হামলায় এনসিপির অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।
তিনি বলেন, “স্কুল মাঠে এনসিপির উপজেলা কমিটি ঈদ পুনর্মিলনী উপলক্ষে ফল উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। কিন্তু, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই এ হামলা হয়।”
এনসিপির অভিযোগ, জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।
নিরব রায়হান বলেন, “আমরা তখন পথে ছিলাম। অনুষ্ঠান শুরুর আগেই অর্ধশতাধিক মোটরসাইকেলে করে এসে তারা এ হামলা চালায়। ঘটনাস্থলের পাশেই পুলিশের অবস্থান থাকলেও বিনা বাধায় হামলা চালিয়ে চলে যায়। আমাদের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
শুক্রবার রাতেও একই লোকজন অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলেছিল বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
“তখন পুলিশ ও প্রশাসনকে জানানো হলে তারা প্রোগ্রাম নির্বিঘ্নে করতে পারব বলে আশ্বস্ত করেছিল। কিন্তু, তাদের উপস্থিতিতেই আবার হামলা হয়। আমরা এর নিন্দা জানাই,” যোগ করেন তিনি।
জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন অভিযোগ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনকে ঘিরেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা নাসীরুদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। গত রাতেও তারা অনুষ্ঠান না করতে হুমকি দিয়ে হামলা করেছিল।
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেছেন, “গত রাত থেকেই এখানে পুলিশ মোতায়েন ছিল। তারপরও অনাকাঙ্ক্ষি ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।”
“অনুষ্ঠানটি সম্পন্ন করতে পুলিশের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে। আমরা এনসিপির লোকজন ও প্রধান অতিথির সঙ্গে কথা বলেছি। তারা অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি।”
ঢাকা/অনিক/রফিক
বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার