ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২০ এপ্রিল ঘোষণা হচ্ছে বগুড়া সিটি করপোরেশন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৫৮, ১৪ এপ্রিল ২০২৬
২০ এপ্রিল ঘোষণা হচ্ছে বগুড়া সিটি করপোরেশন

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় সফরের কথা রয়েছে। এদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণের পাশাপাশি সিটি করপোরেশন ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার। 

কেন্দ্রীয় বিএনপির ফেসবুক পেজেও এ বিষয়ে জানানো হয়েছে। এক পোস্টে উল্লেখ করা হয়, ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরো পড়ুন:

বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জানিয়েছেন, প্রটোকল অফিসার-১ উজ্জল হোসেনের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি হাতে পেয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‍“২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়টি তার কার্যালয় থেকে নিশ্চিত করা হলেও সিটি করপোরেশন উদ্বোধনের বিষয়টি এখনো সরকারের পক্ষ থেকে অফিশিয়ালি কেউ জানায়নি।”

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য রোববার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বগুড়াকে সিটি করপোরেশন উন্নীতকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

এর আগে, গত বছর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুযায়ী, বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর মতামত বা আপত্তি নিষ্পত্তি করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হলেও বিষয়টি এতদিন সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়