ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:০৬, ১৪ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

কৃষক কার্ড বিতরণে মঙ্গলবার টাঙ্গাইলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

কৃষক কার্ডের উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

প্রিয় নেতাকে এক নজর দেখতে মঙ্গলবার সকাল থেকে মিছিল নিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। তারা জানান, প্রধানমন্ত্রীর কাছে পরিত্যাক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধসহ নানা দাবি তুলে ধরবেন।

আরো পড়ুন:

সফরসূচি অনুযায়ী, তারেক রহমান আজ সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।  

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ‍“কয়েক দিন ধরে আমরা অপেক্ষায় আছি, কখন আমাদের নেতা তারেক রহমান আসবেন। তার হাতেই বাংলাদেশ নিরাপদ। প্রধানমন্ত্রীর আগমনে টাঙ্গাইল ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে।”

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও শফিকুর রহমান খান জানান, টাঙ্গাইলে সিটি করপোরেশন, শহরের পরিত্যাক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ, ভাসানী হল পুনঃনির্মাণ ও সরকারি সা’দত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে। 

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‍“দ্রুত প্রধানমন্ত্রী সভাস্থলে উপস্থিত হবেন। আমরা খুব আনন্দিত। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে শহর ও চরাঞ্চলসহ সব এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রধানমন্ত্রী আসবেন আমরা খুব আনন্দিত।”

তিনি বলেন, “টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল।”

টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।” 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, “প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়