ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পেশোয়ার জালমিকে শীর্ষে রেখে দেশে ফিরছেন নাহিদ-শরিফুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৪ এপ্রিল ২০২৬  
পেশোয়ার জালমিকে শীর্ষে রেখে দেশে ফিরছেন নাহিদ-শরিফুল

পাকিস্তান সুপার লিগে দারুণ ছন্দে থাকা কুসাল মেন্ডিস আবারও দেখালেন তার ব্যাটিং জাদু। তার ঝলমলে ইনিংস আর বোলিংয়ে সুফিয়ান মুকিম ও নাহিদ রানার কার্যকর পারফরম্যান্সে পেশোয়ার জালমি ২৪ রানের জয়ে ধরে রাখল লিগের শীর্ষস্থান। দলকে শীর্ষস্থানে রেখেই নিউ জিল্যান্ড সিরিজে খেলতে দেশে ফিরছেন নাহিদ ও শরিফুল ইসলাম।

ম্যাচের শুরুতেই আগুন ঝরান মোহাম্মদ হারিস। প্রথম ২ বলেই বাউন্ডারি হাঁকিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন তিনি। এরপরও থামেননি। ১৭ বলে ৩৮ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন।

তবে মাঝের ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন কুসাল। শুরুতে কিছুটা ধীরগতির পর দ্রুত ছন্দে ফিরে এসে ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসটি ছিল বাউন্ডারি আর ছক্কার মিশেলে পরিপূর্ণ।

তার সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন ফারহান ইউসুফ। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ও ইফতিখার আহমেদ ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ১৯৬/৬ সংগ্রহে।

রান তাড়ায় শুরুতে কিছুটা লড়াই গড়ে তোলে মুলতান সুলতানস। জশ ফিলিপ ও স্টিভেন স্মিথ ধীরে ধীরে স্কোর এগিয়ে নেন।

তবে জালমির মতো ইনিংসকে ধরে রাখার মতো কেউ ছিলেন না। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সুলতানস।

এদিকে মুকিমের দুর্দান্ত বোলিং (৩ উইকেট) ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার ধারাবাহিক আঘাতে চাপ বাড়তে থাকে প্রতিপক্ষের ওপর। এক পর্যায়ে ম্যাচে ফিরেছিল সুলতানস। বিশেষ করে অধিনায়ক অ্যাশটন টার্নার এবং শান মাসুদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। আমির জামালের এক ওভারে ২১ রান তুলে ম্যাচ নিজেদের দিকে টেনে আনেন মাসুদ। ১৯ বলে ৩৫ রান করে তিনি ছিলেন জয়ের আশা। কিন্তু অভিজ্ঞতার পরিচয় দিয়ে বোলিংয়ে আসেন ইফতিখার এবং কৌশলে মাসুদকে আউট করে ভেঙে দেন সেই প্রতিরোধ।

শেষ ৫ ওভারে ম্যাচের চিত্র পুরো বদলে দেন নাহিদ রানা। ১৭তম ও ১৯তম ওভারে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। বলের গতি ছিল নিয়মিত ১৪৭ কিলোমিটারের বেশি। শেষ ৫ ওভারে মাত্র ২৬ রান তুলতে পারে সুলতানস। যা তাদের জয়ের সম্ভাবনাকে পুরোপুরি শেষ করে দেয়।

এক সময় ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দাপট দেখিয়ে ২৪ রানের জয় তুলে নেয় জালমি।

এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অপরাজিত ধারা বজায় রেখে শীর্ষস্থান আরও মজবুত করল বাবর আজমের দল। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতান্স।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়