পয়লা বৈশাখে যেসব সড়ক পরিহার করতে হবে
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন থাকবে, অর্থাৎ এই রাস্তাগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
রবিবার (১৩ এপ্রিল) পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
যেসব স্থানে ডাইভারশন থাকছে:
১. বাংলামোটর ক্রসিং
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
৩. পুলিশ ভবন ক্রসিং
৪. সুগন্ধা ক্রসিং
৫. কাকরাইল চার্চ ক্রসিং
৬. কদম ফোয়ারা ক্রসিং
৭. হাইকোর্ট ক্রসিং (পশ্চিম)
৮. শহীদুল্লাহ হল ক্রসিং
৯. রোমানা ক্রসিং
১০. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
১১. জগন্নাথ হল ক্রসিং
১২. ভাস্কর্য ক্রসিং
১৩. নীলক্ষেত ক্রসিং
১৪. কাঁটাবন ক্রসিং
গাড়ি চলাচলের জন্য বিকল্প নির্দেশনা
মিরপুর ও ফার্মগেট থেকে আগত: ভারী যানবাহন বাংলামোটর ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যাবে। হালকা যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে মিন্টো রোড ক্রসিং হয়ে চলাচল করতে পারবে।
শাহবাগ অভিমুখী যানবাহন: গোলাপশাহ মাজার ও হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবাহন কদম ফোয়ারা, ইউবিএল ক্রসিং ও নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
সায়েন্সল্যাব থেকে আগত: সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী ভারী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার হয়ে চলাচল করবে। হালকা যানবাহন সায়েন্সল্যাব থেকে বাটা সিগন্যাল ও কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বা নীলক্ষেত-পলাশী ক্রসিং দিয়ে বিকল্প পথে চলাচল করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও অন্যান্য নির্দেশনা
স্টিকার ছাড়া প্রবেশ নিষেধ: ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর থেকে ঢাবি এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
মোটরসাইকেল ও যানবাহন: নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
ক্যাম্পাসে যাতায়াত: ক্যাম্পাসে বসবাসরত ব্যক্তিরা নিজ গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন।
অনুষ্ঠানের সময়সীমা: রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসিসহ উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে এবং কেবল বের হওয়ার সুযোগ থাকবে।
পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে ডিএমপি নগরবাসীকে এই ডাইভারশনগুলো মেনে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট থানার কন্ট্রোলরুম বা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা/এমআর/মাসুদ