মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব, জামায়াতের ৪ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামলার সময় ভাঙচুর করা গাড়ি।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার জামায়াতের চার নেতাকর্মীর রিমান্ড মঞ্জর করেছেন আদালত। রবিবার (১২ এপ্রিল) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলাম তমা আসামিদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, হামলা-ভাঙচুর-লুটপাট
রিমান্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কর্মী ইদ্রিস আলী, ইমরান মিয়া ও হাজী মনির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৭ এপ্রিল রাত ১১টার দিকে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে সিপি বাংলাদেশ কোম্পানির মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপির সঙ্গে দ্বন্দ্বে জড়ান জামায়াত নেতাকর্মীরা। ওই কোম্পানির মুরগির বিষ্ঠা আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনামূল্যে নিয়ে বিক্রি করতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা কোম্পানিটি থেকে মুরগির বিষ্ঠা নিতেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া-৬ আসনে বিএনপির প্রার্থী হেরে যান। জয়লাভ করেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এরপর থেকে সিপি বাংলাদেশ কোম্পানির লেয়ার মুরগির বিষ্ঠা নিয়ে জামায়াত ও বিএনপির মাঝে দ্বন্দ্ব চলে আসছে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাস, মাহিন্দ্রা, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নিয়ে দুই শতাধিক জামায়াত নেতাকর্মী নিয়ে সিপি বাংলাদেশ কোম্পানিতে ঢুকে ম্যানেজারের সঙ্গে অসধাচারণ করে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। সেখান থেকে কাহালগাঁও বাজারে ঢুকে প্রথম ককটেল নিক্ষেপ করে। পরে জামায়াত নেতাকর্মীরা রাম হামলা ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনায় পরদিন বুধবার জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার। মামলার পর জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে চারজনকে আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর ৪ জনকে আটক করা হয়েছে।
ঢাকা/মিলন/মাসুদ