থানায় রিমান্ডে থাকা আসামির গলা ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার হাজতখানায় রিমান্ডে থাকা এক আসামি শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে ব্লেড দিয়ে গলা ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।
আনোয়ার হোসেন ওরফে আনার (২২) নামের ওই যুবক নাসিরনগর উপজেলার সোনাতলা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একটি ছিনতাই মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজতখানার টয়লেটে ব্লেড দিয়ে নিজের গলা ও কেটে আত্মহত্যার চেষ্টা করেন আনোয়ার। অন্য হাজতিদের চিৎকার শুনে পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় থানায় নেওয়া হয়। আনোয়ার হোসেন আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে। পরে তাকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ৭ মে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে চার দিনের রিমান্ডে এনে তাকে সদর মডেল থানার হাজতখানায় রাখা হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানিয়েছেন, আনার নামের ওই আসামি মাদকাসক্ত। তার পুরো শরীরে আঁচর ও কাটার দাগ রয়েছে। তার হাতে সেলাই লেগেছে।
তিনি আরো জানান, হাজতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। কী দিয়ে সে নিজেকে আহত করেছে, তা নিশ্চিত হলে বলা যাবে, এখানে পুলিশের কোনো গাফিলতি আছে কি না?
ঢাকা/পলাশ/রফিক
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার