ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: ১৯:৩১, ৯ মে ২০২৬  
আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

শনিবার (৯ মে) আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত আনোয়ার হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ থানার গড়মহাস্থান গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন। তিনি পেশায় মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন। এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।

নিহতের ভাতিজা শাহিনুর ইসলাম জানান, সকালে আড়তে কাজ শেষে আনোয়ার হোসেন পাশের একটি হোটেলে খাবার খেয়ে বের হন। পরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে একটি ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিকেলে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনুর ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ইসলাম পরিবহনের বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়