ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহদী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ৯ মে ২০২৬  
শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, “সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক, দক্ষ ও গ্লোবাল সিটিজেনে পরিণত হবে।”

শনিবার (৯ মে) রাজধানীতে চীন দূতাবাস ও চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন ফোরাম-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মাহদী আমিন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে শিক্ষা সত্যিকার অর্থে জাতির মেরুদণ্ড হয়ে উঠবে।”

তিনি বলেন, “দেশের শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। সবাইকে ডাক্তার বা প্রকৌশলী হতে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে।”

তিনি জানান, খেলাধুলা, সংস্কৃতি, সংগীত, চিত্রাঙ্কন কিংবা কোরআন তেলাওয়াত—যে বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ থাকবে, সরকার সেই ক্ষেত্রগুলোতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, চীনা ও আরবি ভাষা শিক্ষার ওপরও গুরুত্বারোপ করা হবে।

শিক্ষা ব্যবস্থাকে ভীতিমুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেন ভয় না থাকে, সেজন্য প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা চাই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটুক।”

তিনি বলেন, “সরকার লার্নিং উইথ হ্যাপিনেস ধারণাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা সাজাতে চায়, যেখানে দলগত কাজ, আন্তঃব্যক্তিক দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকবে।”

এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব স্কুলে অভিন্ন ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা এবং মিড-ডে মিল বা টিফিন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়েন ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

ঢাকা/নজরুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়