দাড়ি-টুপি দেখলে মিডিয়া আসে না: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারী।
‘দাড়ি-টুপি দেখলে মিডিয়া আসে না। আজ তথ্যমন্ত্রী এসেছেন বলেই মিডিয়া এসেছে’- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত ‘শাপলা চত্বর শহীদ স্মরণ সভা’য় তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশের আলেম-ওলামারা দীর্ঘদিন ধরে ‘মিডিয়া সন্ত্রাসের’ শিকার। শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে সে সময় ‘হত্যাকাণ্ড’ ও ‘তাণ্ডব’ বলে প্রচার চালানো হয়েছিল।”
তিনি বলেন, “এখন আবারো একই ধরনের মিডিয়া সন্ত্রাস শুরু হয়েছে। প্রতিনিয়ত আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে ফেলা হচ্ছে।”
আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “নতুন করে ভাবতে হবে, নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। কীভাবে আমরা মিডিয়া সন্ত্রাস থেকে মুক্তি পাব, তা নিয়ে কাজ করতে হবে।”
তথ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মিডিয়া খাতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
একই সঙ্গে ‘শাপলা’ নামে একটি চ্যানেল প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি। তার দাবি, “ওই চ্যানেলের মাধ্যমে শাপলা চত্বরের ঘটনার ‘পর্দার আড়ালের’ তথ্য সামনে আনা সম্ভব হবে।”
সীমান্ত পরিস্থিতি ও দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গেও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব ইনশাআল্লাহ।”
ঢাকা/নজরুল/সাইফ
কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট