সরকার পুরনো পথে হাঁটছে: পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করেছে। অথচ নতুন সরকার সেসব গুরুত্ব না দিয়ে আবারো পুরোনো পথে হাঁটছে।”
শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরো পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কী উন্নয়ন হবে না?”
ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, “কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নেওয়া হবে না। ব্যবসা-বাণিজ্য ও শিল্পসহ সব খাত স্বাধীন হতে হবে।”
গোলাম পরওয়ার বলেন, “সরকার গণতন্ত্র ও মুক্ত ট্রেড ইউনিয়নের কথা বললেও বাস্তবে ট্রেড ইউনিয়ন সংকোচনের নীতি গ্রহণ করছে। সব ক্ষেত্রে জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং কোনো বিদেশি চাপ বা ‘প্রেসক্রিপশন’-এ দেশ পরিচালিত হওয়া উচিত নয়।”
ঢাকা/রায়হান/সাইফ
কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট