প্রকাশনা ব্যবসা একটি প্রাচীনতম সম্মানজনক ব্যবসা: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,“প্রকাশনা ব্যবসা হচ্ছে একটি প্রাচীনতম সম্মানজনক ব্যবসা। যারা প্রকাশনা ব্যবসার সাথে জড়িত তারা অত্যন্ত সম্মানিত। কারণ, তাদের প্রকাশিত বইয়ের মাধ্যমে তারা সমাজ ও জাতিকে শিক্ষিত করে।”
শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত "সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এদেশে প্রকাশিত বই-পুস্তক রপ্তানি যোগ্য পণ্য হতে পারে। কারণ, উন্নত বিশ্বে যেসব বই বিক্রি হয়, সেগুলোর অনেক দাম। কিন্তু আমাদের অনেক কম মূল্যে উন্নত মানের বই ছাপানোর সক্ষমতা আছে। বিশ্বের অন্যান্য দেশ আমাদের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে না। তাই বিশ্বে সবচেয়ে বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার সুযোগ আমাদের রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি উদ্যোগী ভূমিকা পালন করতে পারে।”
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ঢাকা/আসাদ/সাইফ
কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট