ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৮ মে ২০২৬  
শ্রীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে জিহাদ ও সুইটি নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নগরহাওলা ও দক্ষিণ ধনুয়ায় এসব দুর্ঘটনা ঘটে। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জিহাদ নগরহাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারের সঙ্গে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বাস করত সে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় জিহাদ। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্বজনদের। পরে স্থানীয়রা পুকুরে নেমে জিহাদকে উদ্ধার করেন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। গোসলের একপর্যায়ে পানিতে থাকা আরেক শিশুকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেই তলিয়ে যায় সে। দীর্ঘ সময় পর স্থানীয় এক কৃষক পুকুর থেকে সুইটির নিথর দেহ উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেছেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।”

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়