নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৯০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে যৌথ অভিযান চালিয়ে আব্দুল হামিদ (৩২) ও বেবি আক্তার (২৩) নামে এক দম্পতিকে শিশুসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবার পাউডার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।
এর আগে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন ফুটপাত থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন; বান্দরবন জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ ও তার স্ত্রী বেবি আক্তার।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও র্যাব-৭, সিপিসি-১ ফেনী টিমের সমন্বয়ে একটি দল সেনবাগের সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল হামিদ ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই তারা ছোট শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করতেন। এর আগেও কয়েকটি চালান নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৌঁছে দিয়েছেন বলেও স্বীকার করেছেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে সেনবাগ থানার মাধ্যমে দম্পতিকে কারাগারে পাঠানো হবে।
ঢাকা/সুজন/জান্নাত
কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট