১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক গ্রেপ্তার
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আমান উল্লাহ সাগর
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৬ মে) সকালে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম আসামি গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন
তিনি জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে র্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা।
ভুক্তভোগী শিশুটি এক বিধবা নারীর একমাত্র মেয়ে। জীবিকার প্রয়োজনে তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। সে কারণে শিশুটি নানির কাছে থেকে মাদ্রাসায় পড়ালেখা করত।
আরো পড়ুন: ১২ বছরের ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকের বিরুদ্ধে মামলা
এজাহার অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক সাগর জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কয়েক মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ রাখে। চলতি বছরের ১৮ এপ্রিল ছুটি নেওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষকও আত্মগোপনে চলে যান। এ ঘটনায় গত ৩০ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, “আজ দুপুরে আসামিকে থানায় হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে হস্তান্তরের পর দ্রুত আদালতে পাঠানো হবে। সময় অনুকূলে থাকলে আজই, অন্যথায় বৃহস্পতিবার (৭ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।
ঢাকা/ইবাদ/মাসুদ
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের