ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে সড়ক ও সাঁকোয় বেড়া, ৩২ পরিবার অবরুদ্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৬ মে ২০২৬   আপডেট: ১১:১১, ৬ মে ২০২৬
গোপালগঞ্জে সড়ক ও সাঁকোয় বেড়া, ৩২ পরিবার অবরুদ্ধ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সীতারামপুর গ্রামে সড়ক ও খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত বাঁশের সাঁকো বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে গ্রামের অন্তত ৩২টি পরিবার ভোগান্তিতে পড়েছে। 

ইতোমধ্যে ভুক্তভোগীরা এই সমস্যা সমাধানে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। স্থানীয় প্রশাসন তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। 

সরেজমিনে জানা যায়, সীতারামপুর গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে সড়ক নির্মাণ করে পুইশুর ইউনিয়ন পরিষদ। এই সড়ক দিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন গ্রামবাসীরা। কিন্তু গত ১৫ এপ্রিল হঠাৎ করেই স্থানীয় প্রভাবশালী স্বপন শরীফ ও রমজান শরীফ নিজেদের জায়গা দাবি করে সড়কটির মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এ সময় আংশিক ভেঙে দেয়াও হয় ওই সড়কের মাঝে সরকারী খালের ওপরে নির্মিত একটি বাঁশের সাঁকো। 

এতে ওই গ্রামের ৩২টি পরিবার এখন নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে এসএসসি পরীক্ষার্থীসহ স্থানীয়দের স্কুল-কলেজ, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে যাওয়া-আসা প্রায় বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

তবে এই জমির মালিকানা দাবি করে অভিযুক্তরা ইউনিয়ন পরিষদের কাজ করার কথা স্বীকার করলেও চলাচলের রাস্তা দিতে রাজি নন। ঘটনার পর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তারা মেনে নেননি। ফলে ওই সড়ক দিয়ে গ্রামবাসীর চলাচল এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 

ভুক্তভোগীদের পক্ষে মো. জাহিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘‘স্থানীয় প্রভাবশালী স্বপন শরীফ ও রমজান শরীফসহ কয়েকজন ব্যক্তি মিলে আমাদের চলাচলের জন্য ব্যবহৃত পথ বন্ধ করে দিয়েছেন। এতে বাড়ি থেকে বের হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। দুই-এক দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। ধান বাড়িতে আনতে ডোবা-নালা বা ভাগাড় দিয়ে আসতে হবে। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত।’’ 

আরেক ভুক্তভোগী মিরাজ খান বলেন, ‘‘গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ একটি মাটির রাস্তা করে দেয়। এই রাস্তা দিয়েই আমাদের জেলা ও উপজেলা, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে যেতে হয়। কিন্তু স্বপন শরীফ ও রমজান শরীফ নিজেদের জায়গা দাবি করে রাস্তার মাটি কেটে বাঁশের বেড়া দিয়ে আমাদের চলাচল বন্ধ করে দেয়। এটা অন্যায়।’’

‘‘এ বছর এই গ্রাম থেকে বেশ কয়েকজ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সড়ক ও সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগী আনা নেওয়াতেও সমস্যা হচ্ছে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই,’’ বলেন নাজিম সরদার। 

অভিযুক্ত স্বপন শরীফ এ প্রসঙ্গে বলেন, ‘‘যে জমি নিয়ে অভিযোগ করা হয়েছে, সেই জমির মালিকানা আমাদের এবং আমরা এই পথে চলাচলের অনুমতি দিতে বাধ্য নই। কিন্তু ইউনিয়ন পরিষদ আমাদের সাথে কথা না বলে সড়ক করেছে। একটি সাঁকোও করা হয়েছিল। এ কারণে নিজের জমিতে এখন আমরা বাড়ি করতে পারছি না। আমাদের থাকার জায়গা নেই।’’

এই সড়ক ও সাঁকো ব্যক্তিগতভাবে করা হয়েছে, ইউনিয়ন পরিষদ করেনি বলেও তিনি দাবি করেন। 

স্থানীয় পুইশুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার বলেন, ‘‘আমরা স্থানীয় তহশীলদারকে নিয়ে একাধিক সালিশ করেছি। কিন্তু স্বপন শরীফ ও রমজান শরীফ সালিশ না মানায় কিছু করা যাচ্ছে না। তারপরও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’’ 

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, ‘‘এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি স্থানীয় তহশীলদারকে দায়িত্ব দিয়ে উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে।’’

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়