কমিটিতে ১১ ছাত্রলীগ নেতার ব্যাখ্যা দিলো মমেক ছাত্রদল
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রদলের নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রলীগের ১১ নেতাকর্মীর নাম অর্ন্তভূক্তির বিষয়ে ব্যাখ্য প্রদান করে সংবাদ সম্মেলন করেছে মমেক ছাত্রদল।
মঙ্গলবার (৫ মে) বিকালে কলেজ ক্যান্টিনে মমেক ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
মমেক ছাত্রদলের দাবি, হলে থাকা শিক্ষার্থীদের আগে ঢালাওভাবে ট্যাগ দিয়ে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের ওই কমিটিতে রাখা হয়েছিল। কিন্তু এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের কর্মকান্ডে জড়িত ছিল না বরং তারা বিগত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের সঙ্গে সক্রিয় ছিল। তাদেরই ছাত্রদলের কমিটিতে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে মমেক ছাত্রদল অপপ্রচারের এই ঘটনাটিকে গুপ্ত রাজনীতির পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, যাদের নিয়ে সমালোচনা তারা সবাই ২০২৩ সালের প্রথম প্রফেশনাল পরীক্ষার্থী হিসাবে মোস্ট জুনিয়র ব্যাচের। তারা ছাত্রলীগের কোনো কর্মকান্ডে জড়িত ছিল না কিন্তু তাদের পদ দিয়ে ছাত্রলীগের সীল মেরে দেওয়া হয়েছে। মোট কথা কোনো শিক্ষার্থী হলে ছিল কিন্তু তাকে ছাত্রলীগের পদ দিয়ে সীল মারা হয়নি এমন ঘটনা ঘটেনি।
৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত রাজনীতির ডাকে সাড়া না দেওয়ায় ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিত ন্যারেটিভ ছড়িয়ে ছাত্রদলকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন মমেক ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৩ সালে মমেক ছাত্রলীগের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। এতে হলে থাকা শিক্ষার্থীদের ঢালাওভাবে ট্যাগ দিয়ে বাধ্যতামূলকভাবে ওই কমিটিতে রাখা হয়েছে। কিন্তু এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের কোন কর্মকান্ডে জড়িত ছিল না বরং তারা বিগত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের সঙ্গে সক্রিয় ছিল। তাদেরই ছাত্রদলের কমিটিতে যাচাই-বাছাই করে রাখা হয়েছে।
ছাত্রদল নেতাদের অভিযোগ, বর্তমানেও মমেক ছাত্র শিবির ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করছে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের কমিটি প্রকাশ করছে না। ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব শিবিরের সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে দায়িত্বশীল রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মমেক শাখা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মমেক ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাপ প্রমূখ।
ঢাকা/মিলন//
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের