ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরাজিত সোহম কী বললেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৫ মে ২০২৬   আপডেট: ১১:০৩, ৫ মে ২০২৬
পরাজিত সোহম কী বললেন

সোহম চক্রবর্তী

চলতি বছরের বিধানসভা নির্বাচন বদলে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা দেড় দশকের ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বরাবরের মতো এবারো দুই দলের টিকিট নিয়ে বিধানসভা নির্বাচনে অংশ নেন ওপার বাংলার একঝাঁক তারকা। 

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সোহম চক্রবর্তী করিমপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হয়েছিলেন। গতকাল ভোট গণনার শুরুতে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়েন এই অভিনেতা। এ আসনে সোহমের প্রতিদ্বন্দ্বী বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ ১০ হাজার ১২৫ ভোট বেশি পেয়ে সোহমকে পরাজিত করেন। 

আরো পড়ুন:

পরাজয়ের পর ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন সোহম চক্রবর্তী। এসময় তিনি বলেন, “আমার কিছু বলার নেই। মানুষ যে রায় দিয়েছেন, সেটা মাথা পেতে নিয়েছি। এমনকি, আমরা এটা মানতে বাধ্য। পাশাপাশি আমরা প্রতিজ্ঞাবদ্ধ—মানুষের পাশে থেকে কাজ করে যাব।”  

পুরো রাজ্যে তৃণমূলের ফলাফলে ধস নেমেছে, এর কারণ কী? এ প্রশ্নের জবাবে সোহম চক্রবর্তী বলেন, “দেখুন, এ নিয়ে আর কিছু বলার নেই। মানুষ তাদের রায় দিয়েছেন। মানুষ কী ভেবে এই রায় দিয়েছেন, তা কেবল তারাই জানেন। কিন্তু আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন যেভাবে সাজিয়েছেন, সেখানে কিছু বলার নেই। মানুষ তাদের ভালোটা বুঝেছেন।”      

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম। এবার তৃণমূল তার আসন বদল করে। করিমপুর কেন্দ্র থেকে টিকিট পান টলিপাড়ার এই অভিনেতা। পিচ বদল হলেও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

বলে রাখা ভালো, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হয়। উত্তরবঙ্গের আটটি ও দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন ১ হাজার ৪৫২ জন। ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লাখ।  

কয়েক দিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল, এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশনার। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে বিজেপি পেয়েছে ২০৬টি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়