ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৫০ কিলোমিটার হেঁটে পরিভ্রমণে রোভার স্কাউটের ২টি দল 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৫ মে ২০২৬  
১৫০ কিলোমিটার হেঁটে পরিভ্রমণে রোভার স্কাউটের ২টি দল 

রোভার স্কাউটের দুটি দল পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণের জন্য যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মানিকগঞ্জ পর্যন্ত  দীর্ঘপথ পরিভ্রমণের জন্য বের হন তারা। পরিভ্রমণকালে স্কাউট সদস্যরা ডিসি অফিস, সরকারি, বেসরকারি কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাবেন এবং  ডাক বাংলোতে যাত্রা বিরতি ও রাত্রিযাপন করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ৫ দিনের হেঁটে ভ্রমন কর্মসূচি ফুলবাড়িয়া, মির্জাপুর হয়ে  মানিকগঞ্জের শিবালয় গিয়ে শেষ হবে। 

এই পরিভ্রমণের উদ্বোধন করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা। রোভাররা পরিভ্রমণের পাশাপাশি চলতি পথে প্লাস্টিক বর্জন, বায়ুদূষণ, মাদক রোধ, বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, ডেঙ্গু রোধে সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 

পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা হলেন- মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার আফরিক আহাম্মেদ নিলয়, মানিকগঞ্জ সরকারি কলেজের রোভার গ্রুপের সদস্য সাইফুল ইসলাম নয়ন, মো. আল সানিয়াত ইসলাম আলফি। মৌচাক মুক্ত গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের দলনেতা কবিতা আক্তার ও সদস্য নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা। 

মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার নাজমুল হোসেন বলেন, “মানুষের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়। ত‌বে, এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়। এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

উদ্বোধনী অনুষ্ঠানে মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি শাহাবুদ্দিন, এ এলটি জনাব মীর মো. ফারুক,  শরিফুল ইসলাম, মেয়েদের দলের রোভার স্কাউট লিডার মাসুদা আক্তার, মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জুলহাস আহমেদ, জেলা রোভার স্কাউট লিডার মো. শামিম আহমেদ উপস্থিত ছিলেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়