রামেকে আবারো হাম উপসর্গে শিশুর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১০ দিন পর হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে, গত ২৫ এপ্রিল এক শিশু মারা যায়। এনিয়ে হাসপাতালে ৫৪ শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আট শিশু। ছাড়া পেয়েছে ১৮ শিশু। হাসপাতালে এ পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৯২৬ শিশু।
তিনি বলেন, “হাম উপসর্গে মৃত্যুর হার কমে এসেছে। প্রায় ১০ দিন পর এই রোগের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। হাম-রুবেলার টিকা দেওয়া চলছে। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তিও কমে আসবে।”
ঢাকা/মাহী/মাসুদ