ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাবিপ্রবির উপাচার্যকে অপসারণের দাবিতে ছাত্রদলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৫ মে ২০২৬   আপডেট: ১৪:২৪, ৫ মে ২০২৬
রাবিপ্রবির উপাচার্যকে অপসারণের দাবিতে ছাত্রদলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল শাখা। এ সময় তারা ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

সোমবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান উপাচার্য শিক্ষক নিয়োগে নিয়ম-কানুন না মেনে ব্যক্তিগত পছন্দের লোকদের নিয়োগ দিয়েছেন। তাদের দাবি, যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার প্রভাবাধীন করা হয়েছে। পাশাপাশি আওয়ামীপন্থি শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগও তোলা হয়।

এছাড়া, উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তির কথাও উল্লেখ করা হয়। এর মধ্যে বরাদ্দের অতিরিক্ত জ্বালানি উত্তোলন, এক খাতের অর্থ অন্য খাতে ব্যয়সহ নানা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।

ছাত্রদলের নেতারা আরো অভিযোগ করেন, গত ৫ আগস্ট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদদের স্মরণে তাদের দেওয়া ফুল ভিসি সরিয়ে ফেলেন। তবে একই দিনে বিকেলে ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়।

তাদের ভাষ্য, উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। ‘আমরা এমন দলান্ধ ভিসি চাই না’, বলে দ্রুত অপসারণের দাবি জানান তারা।

নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, “প্রয়োজন হলে পুরো বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি জেলাকে অচল করে দেওয়া হবে।”

সংবাদ সম্মেলন শেষে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

ঢাকা/শংকর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়